রাজধানীর বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ পেঁচানো মরদেহ উদ্ধারের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর মহাখালী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ঢাকা-জামালপুর রুটের একটি বাসও জব্দ করা হয়।
নিহত ইসমাইল প্রায় ৫ লাখ টাকা নিয়ে মেয়ের বিয়ের বাজার করার উদ্দেশে ঢাকায় এসেছিলেন বলে জানিয়েছে তার পরিবার। তিনজনকে গ্রেপ্তার বাস জব্দের বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে।
গত শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে বনানী এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মুখে টেপ পেঁচানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে প্রযুক্তির সহায়তায় আঙুলের ছাপে মেলে পরিচয়। জানা যায়, নিহতের নাম ইসমাইল হোসেন, বাড়ি জামালপুর সদরের সোনদিয়া বাজারে।
এ ঘটনায় মামলা করেছেন নিহতের ছেলে মো. হাসান। মামলার এজাহারে উল্লেখ করা হয়, শরীরে জখমের চিহ্ন এবং নাক, মাথা ও ডান হাতের কবজি সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। জানানো হয়, গ্রামের বাড়ির জমি বিক্রির নগদ পাঁচ লাখ টাকা ও গ্রামের বাড়ির জন্য মূল্যবান জিনিসপত্র নিয়ে ঢাকা থেকে জামালপুর যাচ্ছিলেন তিনি। এরপর নিখোঁজ হন তিনি।
এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় মরদেহ উদ্ধারের ঘটনায় নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। পরে শনিবার রাজধানীর মহাখালী থেকে আটক করা হয় ঢাকা জামালপুর রুটের বাস চালকসহ তিনজনকে। এ বিষয়ে রোববার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথা বলছে পুলিশ।



















