সমাজে ভদ্রতার আড়ালে কেউ অপকর্ম করলে পুলিশ তাকে সেই সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ। মাদক কারবারি ও সেবনকারীদের বিষয়ে তদবির করলে তাদের নাম-ঠিকানা প্রকাশ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের আবিরনগর এলাকায় আয়োজিত মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সমাজে ভদ্রতার আড়ালে আপনি অপকর্ম করবেন, পুলিশ আপনাকে সেই সুযোগ দেবে না। যত বড় প্রভাবশালীই হোন না কেন, মাদক কারবারি ও সেবনকারীদের বিষয়ে তদবির করলে তাদের নাম-ঠিকানা প্রকাশ করে দেব।
মাদকাসক্তদের পুনর্বাসনের ওপর গুরুত্ব দিয়ে ওসি পারভেজ বলেন, কেউ জন্মগতভাবে মাদকাসক্ত নন। পরিবার ও সমাজের দায়িত্বহীনতার কারণেও অনেকে মাদকে জড়িয়ে পড়েন। তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। মাদক কারবারিদের উদ্দেশে তিনি বলেন, তাদের সামনে দুটি পথ—স্বেচ্ছায় গ্রামবাসীর কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরা অথবা মাদক কারবার না ছাড়লে এলাকা ছেড়ে যাওয়া।
কোনো মাদক কারবারি পরিবার সহযোগিতা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, একটি এলাকায় হাজার হাজার মানুষের বসবাস। সেখানে মাদক কারবার করে ৫ থেকে ১০ জন। তাদের চিহ্নিত করা খুব সহজ। অপরাধীকে যে সহযোগিতা করবে, সেও অপরাধী। অভিভাবকদের সন্তানদের প্রতি নজর রাখার আহ্বান জানিয়ে ওসি বলেন, সন্ধ্যার পর সন্তান কোথায় থাকে, কার সঙ্গে চলাফেরা করে এবং নিয়মিত স্কুল-কলেজে যায় কি না, সেদিকে খেয়াল রাখতে হবে।
পাশাপাশি সন্ধ্যার পর বাইরে যাওয়া ও স্মার্টফোন ব্যবহারে নিয়ন্ত্রণের পরামর্শ দেন তিনি। পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহজাহান মাস্টারের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন চৌমুহনী সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জেড. এম ফারুকী। বিশেষ অতিথি ছিলেন পৌর ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন, রিয়াজ পাটওয়ারী রাজু, জামায়াত নেতা বখতিয়ার হোসেন বাবর ভূঁইয়া, বিএনপি নেতা মিজানুর রহমান পলাশ, আলমগীর হোসেন, তারেক মাহমুদ প্রমুখ।



















