দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে-স্কেলের অনুমোদন দেওয়া হয়েছে। তবে অনুমোদনের পর এখন প্রশ্ন উঠেছে, কবে নাগাদ এর গেজেট প্রকাশ করা হবে? বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
তবে আজ মন্ত্রিসভার ১৯তম বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি জানিয়েছেন, এ সপ্তাহেই পে-স্কেলের গেজেট প্রকাশ পাবে। সোমবার (৩১ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেলের অনুমোদন দেওয়া হয়। পে-স্কেলের গেজেট প্রকাশ কবে হবে, এ নিয়ে এর আগে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, পে-স্কেল অনুমোদনের পর দ্বিতীয় সপ্তাহেই গেজেট প্রকাশ করা হতে পারে।
অর্থাৎ, সব জটিলতা দ্রুত নিষ্পত্তি করে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে গেজেট জারি করতে চায় সরকার। সূত্র জানিয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। সম্প্রতি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, নবম জাতীয় পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো সময় এর ঘোষণা আসতে পারে।
মুখ্য সচিব বলেন, গত ১১ বছর পে-স্কেল না হওয়ায় প্রায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী মূল্যস্ফীতির চাপে রয়েছেন। জনগণের জন্য বিষয়টি কষ্টকর হলেও সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে বেতন-ভাতা সমন্বয় করতে হবে। ২০১৫ সালের পর আর সরকারি কর্মজীবীদের বেতন বাড়ানো হয়নি। ওই সময় নতুন পে-স্কেলে বেতন সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা এবং সর্বোচ্চ ৭৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল।
নতুন পে-স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ এবং সর্বনিম্ন ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। তবে গেজেট প্রকাশের পরই নতুন পে-স্কেলের কার্যকর তারিখ, বেতন কাঠামো এবং অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।



















