আগামী সেপ্টেম্বর মাসে জার্মানিতে শুরু হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ফানকআউসস্টেলুং বার্লিন (আইএফএ ২০২৬)। এর ফলে বিশ্বজুড়ে প্রযুক্তিপ্রেমীদের দৃষ্টি এখন বার্লিনের ওপর নিবদ্ধ রয়েছে। আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে এই মেলা অনুষ্ঠিত হবে। বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড, স্টার্টআপ এবং উদ্ভাবকেরা এই মেলায় তাদের নতুন পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করবেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের আইএফএতে ১ হাজার ৯০০–এর বেশি ব্র্যান্ড অংশ নেবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্মার্ট হোম প্রযুক্তি, রোবোটিকস, গেমিং, কনটেন্ট ক্রিয়েশন, ভবিষ্যতের যানবাহন ও নতুন প্রজন্মের ভোক্তা প্রযুক্তি থাকবে প্রদর্শনীর মূল আকর্ষণে।
প্রতিবছরের মতো এবারও স্যামসাং, এলজি, শাওমি, অনার, টিসিএল, হাইসেন্সসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান নতুন পণ্য উন্মোচন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে স্মার্টফোন, স্মার্টওয়াচ, টিভি, ল্যাপটপ, স্মার্ট হোম ডিভাইস এবং এআইভিত্তিক পণ্যের ওপর বেশি গুরুত্ব দেখা যেতে পারে।
আইএফএর অন্যতম আকর্ষণ ‘আইএফএ নেক্সট’ অংশে। কারণ এখানেই বিশ্বের সব ছোট-বড় স্টার্টআপ তাদের নতুন উদ্ভাবন প্রদর্শন করবে। পাশাপাশি বিনিয়োগকারী, প্রযুক্তি উদ্যোক্তা এবং গণমাধ্যমকর্মীদের জন্য থাকবে নেটওয়ার্কিংয়ের সুযোগ। এছাড়া আইএফএ গ্লোবাল মার্কেটসে প্রযুক্তিপণ্যের সরবরাহকারী ও উৎপাদনকারীদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগের সুযোগ তৈরি হবে।
আয়োজকরা বলছেন, এ বছরের মেলায় এআইনির্ভর প্রযুক্তি, স্মার্ট হোম সমাধান এবং টেকসই প্রযুক্তি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। দর্শনার্থীরা হাতে–কলমে নতুন প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতাও নিতে পারবেন।
১৯২৪ সালে যাত্রা শুরু করা আইএফএ বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় কনজ্যুমার ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স প্রদর্শনীগুলোর একটি। প্রতি বছর এখানেই প্রথমবারের মতো অনেক নতুন প্রযুক্তি ও পণ্যের সঙ্গে পরিচিত হয় বিশ্ব।



















