সিরাজগঞ্জ সদরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় সিএনজির আরেক যাত্রী আহত হয়েছেন। তাকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার ভোর ৫টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি বটতলায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে মাছ ধরার জন্য জাল নিয়ে বাড়ি থেকে বের হন ঠাকুর হালদার ও তার ছেলে বিষ্ণ হালদার। তারা কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট থেকে একটি সিএনজি অটোরিকশায় সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন।
দ্রুত গতির সিএনজিটি সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি বটতলা নামক স্থানে পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে সিএনজি দুমড়েমুচড়ে যায়।
ঘটনাস্থলেই সিএনজি চালক আশিক ও যাত্রী ঠাকুর হালদার নিহত হন। আহত বিষ্ণ হালদারকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন স্থানীয়রা।
খবর পেয়ে নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ নিয়ে বাড়ি চলে যান। এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।



















