রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগ ওয়াশিংটন অ্যাকর্ডের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন উদযাপন করেছে। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএইটিই) অ্যাক্রেডিটেশনের মাধ্যমে বিভাগটি এই আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে।
একই আয়োজনে বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) ‘নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও বিএইটিই অ্যাক্রেডিটেশন (ওয়াশিংটন অ্যাকর্ড) উদযাপন’ শীর্ষক এ আয়োজন শুরু হয় শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে।
পরে রুয়েট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের মূল পর্ব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আবদুর রাজ্জাক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ও ওয়াটসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, ইইই অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ এবং ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক জেড এইচ এম মনজুর মোর্শেদ।
এ ছাড়া তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল অ্যাসোসিয়েশন, রুয়েটের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জি. কে. এম. হাসানুজ্জামান, সভাপতি অধ্যাপক ড. মো. মাসুদ রানাসহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। ধর্মীয় গ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। পরে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
একই সঙ্গে ২০২০-২১ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিদায় বক্তব্য ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষকদের সম্মাননা স্মারক, বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আবদুর রাজ্জাক বলেন, ওয়াশিংটন অ্যাকর্ডের সিগনেটারি দেশগুলোর প্রকৌশল শিক্ষার সঙ্গে সামঞ্জস্য থাকায় এ স্বীকৃতি ইইই বিভাগের শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।
তিনি বলেন, বিভাগের সাবেক শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রকৌশল খাতে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নবীন শিক্ষার্থীরাও ভবিষ্যতে বিভাগের শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের ক্যারিয়ার সমৃদ্ধ করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। সম্মানিত অতিথি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন, এমপি, তরুণ প্রকৌশলীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের ওপর গুরুত্ব দেন।
কর্মজীবনের প্রস্তুতির জন্য সংশ্লিষ্ট শিল্প ও প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে গভীর ধারণা অর্জনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে নতুন শিল্প ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন। তিনি আরও বলেন, জাতীয় উন্নয়ন ও প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে দক্ষ প্রকৌশলীদের নেতৃত্বের সুযোগ তৈরি করতে হবে।
সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণ প্রকৌশলীদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন শিক্ষার্থীদের একাডেমিক অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, মনুষ্যত্ব, মানবিকতা এবং অন্যের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ছাড়া কোনো একাডেমিক সাফল্যই পূর্ণতা পায় না।
শিক্ষার্থীদের আচরণ ও কর্মকাণ্ডের সঙ্গে ‘রুয়েট’ নামটি যুক্ত থাকায় তাদের ইতিবাচক কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের সুনাম বাড়াবে এবং নেতিবাচক কর্মকাণ্ড এর বিপরীত প্রভাব ফেলবে। তাই রুয়েটের শিক্ষার্থী হিসেবে নিজেদের আচরণ ও কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা অক্ষুণ্ন রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ইইই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মাসুদ রানা বিএইটিই অ্যাক্রেডিটেশন অর্জনের ফলে বিভাগের একাডেমিক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমে বিভিন্ন পরিবর্তনের কথা তুলে ধরেন।
তিনি জানান, অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার অংশ হিসেবে শিক্ষার্থীদের মতামত ও প্রতিক্রিয়া গ্রহণের ব্যবস্থা চালু হয়েছে। পাশাপাশি শিক্ষক মূল্যায়ন ও ফিডব্যাকের সুযোগ তৈরি হয়েছে। শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিভাগের সহযোগিতা ও যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রেও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। বিএইটিই অ্যাক্রেডিটেশনের মাধ্যমে ওয়াশিংটন অ্যাকর্ডের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনকে ইইই বিভাগের একাডেমিক অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এ স্বীকৃতির ফলে বিভাগের গ্র্যাজুয়েটদের আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষা ও প্রকৌশল পেশায় কাজের ক্ষেত্রে আরও বিস্তৃত সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।


















