তোপের মুখে রাখা বা সরকারের সমালোচনা করাকে সরকার ইতিবাচকভাবে দেখে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত নির্বাচন-পরবর্তী বাংলাদেশ: রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতা শীর্ষক সংলাপে এ কথা জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, মন্ত্রীদের তোপের মুখে না রাখলে সরকার সঠিক পথে চলতে পারবে না। তোপের মুখে রাখা ও সরকারের সমালোচনা করা চালিয়ে যেতে হবে।
তিনি বলেন, সরকারের স্তুতি করা উচিত নয়। তোপের মুখে রাখা বা সরকারের সমালোচনা করাকে ইতিবাচকভাবে দেখে সরকার। তবে এক্ষেত্রে ভাষা প্রয়োগে সচেতনতা কাম্য।
মন্ত্রী বলেন, অনেকে বলেছিলেন বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলে দিতে হবে। সংবিধান সংস্কার বিষয়ে যা কিছুই করি না কেন বাহাত্তরের সংবিধানকে সামনে রেখেই এগিয়ে যেতে হবে। কারণ বাহাত্তরের সংবিধান বলবৎ আছে।
আসাদুজ্জামান বলেন, সংবিধান সংস্কারে যারা মতামত দেবেন সেসব বিবেচনায় নিয়ে গ্রহণযোগ্য হলে গ্রহণও করা হবে। সংবিধান ও সংস্কার নিয়ে বাস্তবসম্মত চিন্তা করতে হবে।


















