পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র্যাগিং, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় জড়িত ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, ভুক্তভোগী নবীন শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্তদের শাস্তি দেওয়া হয়েছে। তদন্তে র‍্যাগিংয়ের পরিকল্পনা, নেতৃত্ব প্রদান, অংশগ্রহণ এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ প্রমাণিত হয়েছে।
শাস্তির মধ্যে রয়েছে ৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড, এক সেমিস্টার থেকে এক বছরের জন্য হল ও ক্লাস থেকে বহিষ্কার, অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা প্রদান এবং ভবিষ্যতে একই ধরনের অপরাধে জড়িত হলে স্থায়ী বহিষ্কারের সতর্কতা। এছাড়া কয়েকজন শিক্ষার্থীর ক্ষেত্রে শর্তসাপেক্ষে শাস্তি স্থগিত রেখে নজরদারিতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ ও মুচলেকা দাখিল না করলে শাস্তি কার্যকর হবে। একই সঙ্গে ক্যাম্পাসে র‍্যাগিং প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। এদিকে প্রশাসনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের মতে, র‍্যাগিংমুক্ত ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে এ ধরনের পদক্ষেপ সময়োপযোগী।
ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে আরও কঠোর মনিটরিংয়েরও দাবি জানিয়েছেন তারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ‘জিরো টলারেন্স’ নীতিতে র‍্যাগিং প্রতিরোধে কার্যক্রম অব্যাহত থাকবে।



















