যশোরে ক্লুলেস স্বর্ণের কারিগর আল আমিন হোসেন হত্যা মামলায় ৪৮ ঘণ্টার মধ্যেই সৌরভ হোসেন তুষার নামে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। রোববার (২৩ আগস্ট) ভোরে রাজারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সৌরভ শহরের পূর্ব বারান্দীপাড়া এলাকার জামাল হোসেনের ছেলে। র‌্যাব জানায়, গত ২০ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে পূর্ব বারান্দীপাড়ার মৃত আক্কাস আলীর ছেলে আল আমিন হোসেন যশোর শহরের চৌরাস্তা মোড়ের স্বর্ণপট্টিতে তার দোকানে যান। দোকানে অবস্থানকালে অজ্ঞাত এক ব্যক্তি মোবাইল ফোনে তাকে জানান, একজন অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে হাসপাতালে নিতে হবে।
এ জন্য দ্রুত বারান্দীপাড়া লিচুতলায় যেতে বলা হয়। ফোন পেয়ে আল আমিন মোটরসাইকেল নিয়ে বারান্দীপাড়া লিচুতলার উদ্দেশে দোকান থেকে বের হন। এরপর তিনি আর বাসা বা দোকানে ফেরেননি। ওইদিন বিকেল সোয়া ৪টার দিকে পরিবারের সদস্যরা জানতে পারেন, আল আমিনকে হত্যা করে লিচুতলা এলাকায় ফেলে রাখা হয়েছে। পরে লিচুতলা মাদ্রাসার পেছনে বাবু নামে এক ব্যক্তির মেহগনি বাগান থেকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আল আমিনের পরিবারের পক্ষ থেকে যশোর কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। র‍্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ফজলে রাব্বি প্রিন্স বলেন, মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সৌরভ হোসেন তুষারকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


















