পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় আরও জোরদার, বিচারিক কার্যক্রম গতিশীল এবং মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে নরসিংদীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকালে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। নরসিংদী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আয়োজন করে। কনফারেন্সে সভাপতিত্ব করেন নরসিংদীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী ইয়াসিন হাবীব। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. বেলাল হোসেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেসকাতুল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ. আউয়াল, সিনিয়র সহসভাপতি মো. সফিকুল ইসলাম, নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমউল্লাহ, নরসিংদী জেলা কারাগারের সুপার মো. তারেক কামাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হাবিব তৌহিদ ইমাম, নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নেপাল কান্দি দেব এবং নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলসানারা কবীর।
এ ছাড়া নরসিংদী জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা কনফারেন্সে উপস্থিত ছিলেন। কনফারেন্সে মামলা দ্রুত নিষ্পত্তি, মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় বিদ্যমান বিভিন্ন সমস্যা এবং তা সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বিচারিক কার্যক্রম আরও গতিশীল করা, পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে করণীয় নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
সভাপতির বক্তব্যে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী ইয়াসিন হাবীব বলেন, পর্যায়ক্রমে যত দ্রুত সম্ভব বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করা হবে। তিনি নরসিংদীতে অনতিবিলম্বে একটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের আশ্বাস দেন।


















