ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্ব, সমমর্যাদা ও সমতার ভিত্তিতে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশের মানুষ আর কোনো দেশের আধিপত্য মেনে নেবে না।
প্রধানমন্ত্রী চাইলে ভারতসহ বিশ্বের যেকোনো দেশে সফর করতে পারেন; তবে সেই সফর হতে হবে পারস্পরিক সমতা, মর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একই সঙ্গে সরকারপ্রধান ও দলীয় প্রধান।
তিনি চাইলে দেশে চলমান চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ-বাণিজ্য বন্ধ করতে পারেন। এসব বন্ধ হবে কি না, সেটি মূলত সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে। জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশের মানুষের কাছে একটি আদর্শিক সংগঠন। মানুষের এই আস্থা অর্জনে সংগঠনটি দীর্ঘদিন ধরে ইসলামের দাওয়াত এবং আদর্শ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
আগামী স্থানীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির নেতাকর্মীদের জনমানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, ভোট যেন কেউ ছিনিয়ে নিতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে মাঠপর্যায়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি।
সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম এবং রাজশাহী জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক।















