গাজায় যুদ্ধবিরতি কার্যকর এবং হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে নতুন আন্তর্জাতিক উদ্যোগের মধ্যেই গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সর্বশেষ হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছে। একই সময়ে হামাসের দুই কমান্ডারকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। গাজার উদ্ধারকর্মীদের তথ্য অনুযায়ী, রোববার গাজার বিভিন্ন এলাকায় চালানো হামলায় দেইর আল-বালাহর দক্ষিণে একটি আবাসিক ভবনে আঘাত হানে ইসরাইলি সামরিক উড়োজাহাজ। এতে এক নারী ও এক পুরুষ নিহত হন। খান ইউনিসে পৃথক হামলায় আরও তিনজন প্রাণ হারান। গাজা শহরের পুরোনো এলাকায়ও একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যান্য এলাকায় চালানো হামলায় আরও কয়েকজনের মৃত্যু হয়। এই হামলা এমন সময়ে হয়েছে, যখন গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের লক্ষ্যে নতুন একটি ১৫ দফা প্রস্তাব সামনে এসেছে। প্রস্তাবে হামাসের অস্ত্র সমর্পণ এবং ধাপে ধাপে গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। তবে এখন পর্যন্ত এই উদ্যোগ বাস্তবায়নের কোনো অগ্রগতি দেখা যায়নি। হামাস জানিয়েছে, গত বছরের যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ইসরাইল সেনা প্রত্যাহার করলে তারা অস্ত্র সংরক্ষণের জন্য হস্তান্তর করতে প্রস্তুত। অন্যদিকে, ইসরাইলের অবস্থান হলো, হামাসের সম্পর্ণ নিরস্ত্রীকরণ ছাড়া সেনা প্রত্যাহারের প্রশ্নই ওঠে না। এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই উদ্যোগ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও দেশটির জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভির যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত ফাতাহর সাবেক নেতা মোহাম্মদ দাহলান দাবি করেছেন, গাজায় হামলা বন্ধে ইসরাইলের সঙ্গে আলোচনা চলছে। তবে এই প্রচেষ্টার সফলতা নির্ভর করছে ইসরাইল হামলা বন্ধে কতটা আন্তরিক ভূমিকা নেয়, তার ওপর। এরই মধ্যে মধ্য গাজার একটি চিকিৎসাসামগ্রীর গুদাম বিমান হামলায় ধ্বংস হয়েছে।
শিরোনাম :
যুদ্ধবিরতির উদ্যোগ চললেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮
- Update Time : 01:01:10 am, Monday, 3 August 2026
- 42
Tag :
Popular Post






















