যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থানরত হোটেলের সামনে পাল্টাপাল্টি মিছিল ও স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় হোটেলের সামনের প্রধান সড়কে এ কর্মসূচি পালন করেন যুক্তরাষ্ট্র বিএনপি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দ্রুত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত দুই দিন ধরে হোটেলটির সামনে অবস্থান নিয়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সরকারের সমর্থনে নিয়মিত মিছিল ও স্লোগান দিয়ে আসছিলেন। তবে বুধবার সন্ধ্যায় প্রথমবারের মতো আওয়ামী লীগের নেতা-কর্মীরা সড়কের বিপরীত পাশে জড়ো হয়ে বিক্ষোভ করেন। দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগান ও মিছিলে হোটেলসংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি যাতে কোনো অপ্রীতিকর ঘটনায় রূপ না নেয়, সে জন্য সেখানে পুলিশ সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়। পুলিশ মোতায়েনের কিছুক্ষণ পর আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।



















