জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (২১তম আবর্তন) নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন সংলগ্ন মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ২ হাজার ১০০ জন নিবন্ধিত নবীন শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, দেশের তরুণ প্রজন্মই বাংলাদেশের সবচেয়ে বড় মানবসম্পদ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে বাস্তবমুখী দক্ষতা, উদ্ভাবন ও কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলতে হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিক্স, ন্যানোটেকনোলজি ও প্রযুক্তিনির্ভর দক্ষতার গুরুত্ব দ্রুত বাড়ছে। তাই শিক্ষার্থীদের প্রযুক্তিভিত্তিক ও দক্ষতামুখী শিক্ষা গ্রহণের পাশাপাশি খেলাধুলা, বিতর্ক, সংস্কৃতি ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয় থাকতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য অনিসুর রহমান তালুকদার খোকন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব।
উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আগামী দিনের বাংলাদেশ গঠনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, শিক্ষাজীবনের পাশাপাশি নৈতিকতা, সততা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। বক্তারা নবীনদের বিশ্ববিদ্যালয় জীবনকে জ্ঞান, দক্ষতা ও নেতৃত্ব বিকাশের সুযোগ হিসেবে কাজে লাগানোর আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্যসচিব শামছুল আরেফিন। শেষে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।



















