ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার এবং ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের ১ নং যুগ্ম-আহ্বায়ক সুমন সরদারের নেতৃত্বে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা থেকে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি পানি জমে মশার প্রজননস্থল তৈরি হতে পারে এমন স্থানগুলো পরিষ্কার করেন নেতাকর্মীরা। এ সময় শিক্ষার্থীদের ডেঙ্গু সম্পর্কে সচেতন করা এবং ব্যক্তিগত ও সামষ্টিকভাবে পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়; শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ ক্যাম্পাসের সব অংশীজনকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে।
নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালু রাখা গেলে মশার প্রজননস্থল কমানোর পাশাপাশি ক্যাম্পাসের পরিবেশও স্বাস্থ্যকর রাখা সম্ভব হবে। তারা আরও বলেন, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করা গেলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। এছাড়াও ছাত্রদলের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
তাদের মতে, ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ত করে পরিচালিত এমন কর্মসূচি জনসচেতনতা তৈরিতে কার্যকর ভূমিকা রাখতে পারে। কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া জবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সুমন সরদার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিচ্ছন্ন করা এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, একদিনে পুরো ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন করা সম্ভব নয়। তাই ধাপে ধাপে ছাত্রদলের পক্ষ থেকে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। এ সময় ডেঙ্গু প্রতিরোধে শুধু ক্যাম্পাস নয়, নিজ নিজ বাসাবাড়ির আশপাশও পরিষ্কার রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে এবং মশার বংশবিস্তারের সুযোগ তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন তিনি।
এছাড়াও রাজনৈতিক মতপার্থক্যকে কেন্দ্র করে অপপ্রচার না চালিয়ে দেশের মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাদ্দাম হোসেন, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, ইয়াসির আরাফাত, মনির হোসেন, রায়হান হোসেন অপু, আল আমিন সোহেল, রবিন মিয়া শাওন, মেহেদী হাসান এবং আহ্বায়ক সদস্য নাইমুর রহমান দুর্জয়, রাহাত হাসান, মেহেদী হাসান ইমন, মেহেদী হাসান সাগর, মনির হোসেন শান্ত, লিমন, মাসফফিক, মনির, মিঠু, রেদোয়ান রুবায়েত, নাইমুর, নাইম, সাইফুল, কামরুল, ইভান, আশরাফুল, আবু হুয়াইয়া, আকরাম, সৌরভ, সাব্বির, মালেক, রায়হান, মামুন, মিথীল, সিয়ামসহ সংগঠনটির প্রায় দুই শতাধিক নেতাকর্মী।



















