টাঙ্গাইল জেলার সদর থানাধীন করোটিয়ার খুদিরামপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি গরুবাহী পিকআপে ডাকাতির চেষ্টা চালানো হয়েছে। এ সময় মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ ৯টি গরুসহ পিকআপটি উদ্ধার করে এবং মো. মিজান (৫০) নামের ৩৪ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে।
হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল ডিআইজির (মিডিয়া) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গ্রেপ্তার মো. মিজান মধুপুর (এলেঙ্গা) মহাসড়কে একটি সাদা রঙের মাইক্রোবাসে করে ৫ থেকে ৬ জনের একটি ডাকাত দল ঢাকাগামী মহাসড়কের ওপর গরুবাহী একটি পিকআপের গতিরোধ করে ডাকাতির চেষ্টা করে। ডাকাত দল পিকআপে থাকা চারজন ব্যক্তি মধ্যে তিনজনকে নামিয়ে দেয় এবং অপর ব্যক্তিকে নামানোর জন্য ধস্তাধস্তি করতে থাকে। এসময় মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টাকালে একজনকে গ্রেপ্তার করে হাইওয়ে পুলিশ।
ডাকাত দলের অন্য সদস্যরা মাইক্রোবাসে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল হতে ৯টি গরুসহ পিকআপটি উদ্ধার করা হয়। ডাকাত দলের পলাতক সদস্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।
গ্রেপ্তার মিজান একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দস্যুতা, ডাকাতি, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের মোট ৩৪টি মামলা রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





















