জয়পুরহাট ২০ ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক দেড় কোটি টাকা মূল্যের ৮ম-৯ম শতকের বেলে পাথরের তৈরি একটি প্রত্নতাত্ত্বিক পিলারের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর (রোববার) মধ্যরাতে জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুর বারী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) নওগাঁ জেলার নিয়ামতপুর থেকে এটি গ্রহণ করে। বিজিবি সূত্র জানায়, পাচারকারীরা নিদর্শনটি স্থানীয় একটি খেলার মাঠের পাশের পুকুরের পানিতে ডুবিয়ে রেখেছিল। পরে স্থানীয়রা তা বিজিবির কাছে হস্তান্তর করেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রতিনিধি প্রাথমিক যাচাই শেষে এটিকে ৮ম-৯ম শতকের প্রত্নবস্তু হিসেবে শনাক্ত করেন। উদ্ধার করা পাথরটির ওজন প্রায় ৩২০ কেজি এবং আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা। নিদর্শনটি পাহাড়পুর বৌদ্ধবিহার প্রত্নতাত্ত্বিক জাদুঘরে জমা দেওয়ার কার্যক্রম চলছে।


















