অসুস্থ হয়ে বেশ কিছুদিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা ও কবি রিফাত চৌধুরী। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়ায় তিনি সমাজের বিত্তবান ব্যক্তি এবং শোবিজ অঙ্গনের সহকর্মীদের কাছে সহযোগিতার আহ্বান জানান।
রিফাত চৌধুরীর অসুস্থতার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের অনেকেই হাসপাতালে তাকে দেখতে যান। কেউ কেউ তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার হাতও বাড়িয়ে দেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রপ্রবাসী চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান রিফাত চৌধুরীর অসুস্থতার খবর জানতে পারেন। এরপর বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, জায়েদ খান তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেছেন।
তবে বিষয়টি নিয়ে পরে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হয়। এক সাক্ষাৎকারে রিফাত চৌধুরী দাবি করেন, তিনি জায়েদ খানের কাছ থেকে কোনো আর্থিক সহযোগিতা পাননি। এ সময় তিনি জায়েদ খানের সহযোগিতার দাবির বিষয়েও প্রশ্ন তোলেন। পরবর্তীতে এক সাংবাদিকের মাধ্যমে তিনি জানতে পারেন, জায়েদ খান তার চিকিৎসার জন্য ১০ হাজার টাকা একজনের মাধ্যমে পাঠিয়েছিলেন।
তবে ওই অর্থ তখনও রিফাত চৌধুরীর হাতে পৌঁছায়নি। শুক্রবার রাতে রিফাত চৌধুরী জানান, তিনি জানতে পেরেছেন জায়েদ খান একজনের মাধ্যমে তাকে অর্থ পাঠিয়েছেন। তবে সেই অর্থ তাকে কেউ দেননি এবং এ বিষয়ে তাকে অবহিতও করা হয়নি। বিষয়টি পরে পরিষ্কার হওয়ার পর নিজের আগের বক্তব্য সংশোধন করেন রিফাত চৌধুরী। অন্য আরেকটি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি জানান, তিনি মূলত জায়েদ খানকে ভুল বুঝেছিলেন এবং আবেগের বশবর্তী হয়ে কিছু মন্তব্য করে ফেলেছিলেন।
রিফাত চৌধুরী বলেন, আমি তো রক্ত-মাংসের মানুষ, আমার ভুল হয়েছে। আমাকে অন্য কেউ ভুল বুঝিয়েছেন। এসব ভুল বোঝাবুঝির অবসান হোক—এটাই চাই। আমি জায়েদ খানকে সরি বলছি। এ ঘটনার মধ্য দিয়ে চিকিৎসার সহায়তার অর্থ পৌঁছানো নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তার অবসান হয়েছে বলে জানান রিফাত চৌধুরী। একই সঙ্গে তিনি জায়েদ খানের কাছে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।
এদিকে অসুস্থ রিফাত চৌধুরীর পাশে ইতোমধ্যে তার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন এই অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন তার সহকর্মী ও ভক্তরা।



















