বিরোধী দল একেক সময় একেক কথা বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, বিরোধী দল সংসদে বলে এক রকম, সংসদের বাইরে তাদের ভিন্নরূপ। তারাই বহুরূপী ষড়যন্ত্রে লিপ্ত।
তিনি গতকাল শুক্রবার বিকালে চট্টগ্রাম মহানগর যুবদল –স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে ‘সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা’র বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। টাইগারপাস মোড় থেকে শুরু হয়ে মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আগ্রাবাদ আক্তারুজ্জামান সেন্টারের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন– মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম। মীর হেলাল বলেন, একাত্তরের পরাজিত শক্তি আজও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।
বাংলার জনগণ ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র রুখে দেবে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়। বাংলাদেশ বিরোধী অপচেষ্টা জনগণ কখনো মেনে নেবে না। তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি জনগণের প্রত্যেক্ষ ভোটে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে বিএনপি সরকার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ পুনঃগঠনে বিএনপি সরকার কাজ করে যাচ্ছে।
পরাজিত ফ্যাসিস্ট দেশকে অস্থিতিশীল করার রাজনীতিতে লিপ্ত। নিষিদ্ধ সংগঠন কখনই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না এদেশের প্রচলিত আইনে। মীর হেলাল বলেন, বাংলার জনগণ আজ ঐক্যবদ্ধ চট্টগ্রামের ছাত্র–যুব সমাজ সবসময় দেশের গুরুত্বপূর্ণ ক্রান্তিকালে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। আগামীতেও চট্টগ্রামের মানুষ শান্তি গণতন্ত্র উন্নয়ন ও জাতীয় স্বার্থের পক্ষে ঐক্যবদ্ধ থাকবে।
আমরাও চাই হাসিনা দেশে আসুক। দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে আদালতে আত্মসমর্পন করুক। আদালতেই তার ভাগ্য নির্ধারিত হবে। নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, আমরা কোনো ধরনের নাশকতা সহিংসতা কিংবা বিশৃক্সখলা চাই না, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। কিন্তু দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। মোশাররফ হোসেন দীপ্তি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না।
মুহাম্মদ শাহেদ বলেন, আমরা বিশ্বাস করি, ষড়যন্ত্র নয়, জনগণের ঐক্যই বাংলাদেশের শক্তি। বিভাজন নয়, জাতীয় ঐক্যই আমাদের অগ্রযাত্রার ভিত্তি। ভয় নয়, সাহস ও দায়িত্বশীলতাই আমাদের পথ দেখাবে। আগুন সন্ত্রাস রুখে দিতে যুবদল–স্বেচ্ছাসেবক দল–ছাত্রদল বদ্ধ পরিকর।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, ইকবাল হোসেন, জিয়াউর রহমান জিয়া, সিরাজুল ইসলাম ভূঁইয়া, রাজিব উদ্দিন আকন্দ, আসিফ চৌধুরী লিমন, জিএ সালাহউদ্দিন কাদের আসাদ, আরিফুর রহমান।



















