চাঁপাইনবাবগঞ্জে ছয়টি চোরাই মোটরসাইকেলসহ ইদুল আলী নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এ তথ্য জানান পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। আটক ব্যক্তি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকার মোস্তফার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ কালীগঞ্জ এলাকায় অভিযান চালায়। অভিযানে ইদুল আলীকে আটক করে পুলিশ। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ সুপার জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত চার থেকে পাঁচজন সহযোগীর তথ্য মিলেছে। তাদের ধরতে কাজ করছে পুলিশ।



















