কক্সবাজার সিটি কলেজের সাবেক সহকারী অধ্যাপক অনিল কুমার শর্মা আর নেই। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৩টা ৪৫ মিনিটে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। সোমবার দুপুরে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সিকদারপাড়া শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে কক্সবাজারের শিক্ষা অঙ্গন, প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনিল কুমার শর্মা রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সিকদারপাড়ার বাসিন্দা ছিলেন।
তিনি প্রয়াত মনিন্দ্র মোহন শর্মা ও গয়েশ্বরী শর্মার পঞ্চম সন্তান। রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অনিল কুমার শর্মা দীর্ঘদিন কক্সবাজার সিটি কলেজের বিএমটি শাখায় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। প্রয়াতের বড় ভাই, রামু স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত সহকারী পরিদর্শক সুনিল কুমার শর্মা জানান, অসুস্থ হয়ে পড়লে গত বৃহস্পতিবার রাতে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি ছিলেন তিন ভাই ও চার বোনের মধ্যে পঞ্চম এবং অবিবাহিত ছিলেন। খিজারীয়ান ৮৬’র শোক অনিল কুমার শর্মার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৮৬ ব্যাচের সংগঠন খিজারীয়ান ৮৬-এর সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ খালেদ, সাধারণ সম্পাদক স্বপন বড়ুয়াসহ সংগঠনের সদস্যরা।
এছাড়া শোক প্রকাশ করেছেন দৈনিক রূপালী বাংলাদেশের চট্টগ্রাম ব্যুরো প্রধান মো. গিয়াস উদ্দিন, কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক, জোয়ারিয়ানালা এইচ এম সাঁচী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক সিকদার, গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কাসেম, কুমিল্লা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক স্বপন কুমার শর্মাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন।
কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম আকতার উদ্দিন চৌধুরী ও সাবেক অধ্যক্ষ ক্য থিং অং পৃথক শোকবার্তায় অনিল কুমার শর্মার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।



















