রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আইয়ুবকে মারধর এবং এর জেরে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরের ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সোমবার সকালে রেলওয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন। কমিটিতে রয়েছেন পাকশী বিভাগের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা, বিভাগীয় চিকিৎসক কর্মকর্তা, বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পাকশী কমান্ড্যান্ট। এদিকে ঘটনার পর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (এনআরবি) চার সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
তারা হলেন আরিফ হোসেন, রোকন উদ্দিন, শফিকুল ইসলাম ও শাহাদত হোসেন। রোববার রাতে এনআরবির চিফ কমান্ড্যান্ট আশাবুল ইসলাম স্বাক্ষরিত এক দপ্তরাদেশে রাজশাহী রেলওয়ে স্টেশনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় সংশ্লিষ্টতার সন্দেহে ওই চার কর্মীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়। রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও টিকিট পরীক্ষকের (টিটি) বিরুদ্ধে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠার পর শিক্ষার্থীরা রাজশাহী রেলওয়ে স্টেশন ঘেরাও করেন।
একপর্যায়ে সেখানে ভাঙচুরের ঘটনাও ঘটে। শিক্ষার্থীদের অবরোধের কারণে রাজশাহী থেকে ধূমকেতু এক্সপ্রেসের নির্ধারিত যাত্রা বাতিল করে রেল কর্তৃপক্ষ। তবে সোমবার রাজশাহী থেকে অন্যান্য রুটের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে নির্ধারিত সময় অনুযায়ী বিভিন্ন গন্তব্যের ট্রেন রাজশাহী স্টেশন ছেড়ে গেছে। এ বিষয়ে রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।



















