পটুয়াখালীর কলাপাড়ায় জ্বালানি আমদানিনির্ভরতা হ্রাস, বিদ্যুৎ খাতের ব্যয় নিয়ন্ত্রণ, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের দ্রুত সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম পটুয়াখালীর আহ্বায়ক অমল মুখার্জির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।
সভায় বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, সিপিপি কর্মকর্তা আসাদুজ্জামান খান, পল্লী বিদ্যুৎ কলাপাড়া জোনাল ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ আব্দুর রহমান, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, সাবেক সভাপতি ও পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া থানার এসআই মাসুদ রানা, কলাপাড়া পৌর শহর বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল ইসলাম, প্রান্তজন এর ফিল্ড কোর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর অতিমাত্রায় নির্ভরশীল। ফলে প্রতি বছর প্রায় এক লাখ ৪৬ হাজার ১৭২ কোটি টাকা জ্বালানি আমদানিতে ব্যয় হচ্ছে। এতে বৈদেশিক মুদ্রার ওপর চাপের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন ব্যয়, ভর্তুকি ও জ্বালানি নিরাপত্তা নিয়ে ঝুঁকি বাড়ছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, গত দুই দশকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ক্যাপাসিটি চার্জ বাবদ এক লাখ ৭৮ হাজার ১৯৯ কোটি টাকা, যা প্রায় ১৮ দশমিক ৫৯ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ব্যয় করেছে।
এই অর্থ দিয়ে প্রায় ৩২ হাজার ৪০০ মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন করা সম্ভব হতো বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এটি জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশ সুরক্ষায় অবদান রাখবে।



















