কক্সবাজার সরকারি কলেজের দোলনচাঁপা মহিলা হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ শরিফা (২১) নামে এক নারী শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তার শরিফা কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় দোলনচাঁপা মহিলা হোস্টেলে অভিযান চালায়। এ সময় শরিফার হেফাজত থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফা পুলিশকে জানিয়েছে, হ্নীলা থেকে তার এক ‘আন্টি’ পার্সেলের মাধ্যমে ইয়াবাগুলো পাঠানোর পর সেগুলো তার হেফাজতে রাখা হয়েছিল। ওসি বলেন, এই ঘটনার সঙ্গে একটি চক্র জড়িত রয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আরও তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে ওই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।



















