রাজধানীর কমলাপুরে দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনটির একটি কোচে হঠাৎ আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার খবর পাওয়া যায়।
পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন লাগা ট্রেনটির নামও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। প্রাথমিকভাবে দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে এ বিষয়ে ফায়ার সার্ভিস বা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে দেখা যায়, প্ল্যাটফর্মে থাকা অন্য কোচগুলোর পাশে আগুনে পুড়তে থাকা কোচটি দাউদাউ করে জ্বলছে। চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। এতে স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুন পাশের বগিতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।
তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।


















