ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও ইসলামি নাশিদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোপেনহেগেনের মিনহাজুল কুরআন ইন্টারন্যাশনালের কনভেনশন হলে এ বর্ণাঢ্য অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
আহলে সুন্নাহ যুব সাংস্কৃতিক ফোরাম, ডেনমার্ক আয়োজিত অনুষ্ঠানে ডেনমার্কে বসবাসরত মুসলিম পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)–এর তাৎপর্য নিয়ে আলোচনা, অতিথিদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ এবং ইসলামি নাশিদ পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংল্যান্ডের বার্মিংহামের সিরাজুম মুনিরা জামে মসজিদের পরিচালক হাফেজ মাওলানা সাব্বির আহমেদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন কোপেনহেগেনের বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব শায়েখ ওয়াজি উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর হাফেজ মোহাম্মদ সাইদ আহমেদ চিশতী, ইমাম ও খতিব, ইসলামিক সেন্টার ভেস্ট, আলবার্টস্লুন্ড এবং মিনহাজুল কুরআন ইন্টারন্যাশনালের পরিচালক ড. হাফেজ মুহাম্মদ ইদ্রিস আল-আজহারী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহলে সুন্নাহ যুব সাংস্কৃতিক ফোরাম, ডেনমার্কের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামসুদ্দোহা ইয়াকিন।
সন্ধ্যা সাড়ে ৫টায় অতিথি ও অংশগ্রহণকারীদের স্বাগত জানানো এবং নাশতা পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে অতিথি ও উপদেষ্টাদের ব্যাজ ও ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় স্টেজ পারফরম্যান্সও অনুষ্ঠিত হয়।
এরপর আগত অতিথিরা মিলাদুন্নবী (সা.)–এর গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বক্তব্য দেন। পরে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি ও বি‌শেষ অতিথি‌দের পাশাপা‌শি শিশু‌দের গলায় মে‌ডেল প‌রি‌য়ে‌ দেন সংগঠ‌নের উপদেষ্টামন্ড‌লীর সদস‌্য মাহবুব হক, সা‌ব্বির আহ‌মেদ, বেলা‌য়েত বাবুল, আরিফ খা‌লেক, ওমর ফারুক, জা‌হিদুল ইসলাম কামরুল।
অনুষ্ঠানের শেষভাগে আন্তর্জাতিক ইসলামি সংগীত পরিবেশনকারী আল-কুদস গ্রুপ ইসলামি নাশিদ পরিবেশন করে। নাশিদ পরিবেশনের সময় উপস্থিত দর্শকেরা আগ্রহের সঙ্গে অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানের সমাপনী পর্বে দুরুদ ও সালাম পাঠ করা হয়। মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে তাবারুক বিতরণ করা হয়। সা‌র্বিক ব‌্যবস্থাপনায় দা‌য়িত্ব পালন ক‌রেন উপ‌দেষ্টা আহসানুজ্জামান নয়ন, কার্যনিবাহী প‌রিষদের র‌ফিক মোল্লা, ফার‌দিন সরকার, নুরুল আ‌মিন, রা‌শেদ আলম,‌মোহাম্মদ আলকামা তৌ‌হিদুর র‌শিদ রিয়াদ, কুতুব উদ্দিন, হাসান পিনু প্রমুখ।





















