পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি মো. সিদ্দিক মাতুব্বরকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টায় মহিপুর থানার উপপরিদর্শক মো. আবুল বাশার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত সিদ্দিক মাতুব্বর মহিপুর থানার খাজুরা এলাকার মো. বজলুর রহমান মাতুব্বরের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে সিআর-২৪২/১৭ মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে আটক করা হয়। এ ছাড়া তার বিরুদ্ধে সিআর-১৪৮৮/২৩ (ধারা ৪০৬/৪২০/৫০৬ পেনাল কোড) মামলার আরও একটি গ্রেপ্তারি পরোয়ানা থানায় মূলতবি ছিল। মহিপুর থানার ওসি মো. শামীম হাওলাদার জানান, অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।



















