সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল জানিয়েছেন, বিগত যেকোনো সময়ের চেয়ে এবারের স্থানীয় সরকার নির্বাচন স্বচ্ছ হবে। এই নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না এবং স্থানীয় সরকারের কার্যক্রম শতভাগ সক্রিয় করার চেষ্টা করা হবে।
যোগ্য, ভালো ও শিক্ষিত ব্যক্তিদের নিয়ে স্থানীয় সরকার নির্বাচন করা হবে, যারা ধ্বংস হয়ে যাওয়া স্থানীয় সরকার ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে পারবেন। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ফারজানা শারমিন পুতুল বলেন, বর্তমান সরকার যে জনগণের সরকার, তা দেশের মানুষ জানে, বিশ্বাস করে এবং সরকারের ওপর আস্থা অর্জন করতে শুরু করেছে বলে আমি বিশ্বাস করি।
জনগণের চাহিদার অনেক কিছুই রয়েছে, যা আমরা এখনো পৌঁছে দিতে পারিনি। এর মধ্যে অন্যতম হলো গ্যাস, বিদ্যুৎ ও তেলের সমস্যা। দীর্ঘদিন ধরে এসব সমস্যা বাংলাদেশের মাটিতে পতিত করা হয়েছে এবং এ তিনটি খাতে আমাদের পরনির্ভরশীল করা হয়েছে, যাতে অন্যের দিকে তাকিয়ে থাকতে হয়। তিনি বলেন, এসব সমস্যা বর্তমান সরকার এমনভাবে সমাধান করতে চায়, যাতে বাংলাদেশকে আর কারও ওপর নির্ভরশীল হয়ে থাকতে না হয়।
পুতুল বলেন, সমস্যা ও সমাধানের এই মধ্যবর্তী সময়টুকুতে আমাদের সবারই কষ্ট হচ্ছে। এই কষ্টের জন্য বর্তমান সরকার, এমনকি স্বয়ং প্রধানমন্ত্রীও বারবার দুঃখ প্রকাশ করেছেন। আমরা যখন যেখানে যাই, দেশের সব মানুষের কাছে দুঃখ প্রকাশ করি। আমাদের আন্তরিকতা ও প্রচেষ্টার কোনো কমতি নেই। এ ক্ষেত্রে সবার সহযোগিতা চাই। জেলা প্রশাসক সুমনী আক্তারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শরিফুল হক, সিভিল সার্জন মশিউর রহমান, জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।



















