কুমিল্লা জেলা মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। গত ২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান, এনডিসি স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২(১৫)-এ উল্লিখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতাবলে কুমিল্লা জেলা মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন করা হয়েছে।
পরিষদের চেয়ারম্যানের অনুমোদনের পর নির্দেশক্রমে সংশ্লিষ্টদের এ বিষয়ে অবহিত করা হয়। অনুমোদিত কমিটিতে মিজ সাকিনা বেগমকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্য হলেন মিজ নাঈমা খন্দকার, মিজ সাফিয়া বেগম শেলী, মোসা. তাছলিমা আক্তার, মিজ ফারজানা রহমান ও মিজ শাহনাজ বেগমসহ অন্যরা। জাতীয় ক্রীড়া পরিষদের পত্রে বলা হয়েছে, অনুমোদিত অ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে গঠনতন্ত্রে উল্লিখিত পদ্ধতিতে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
কুমিল্লা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের এ কমিটি অনুমোদনের বিষয়টি অবহিত করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের এ অনুমোদনের ফলে কুমিল্লা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং নির্ধারিত প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ নির্বাচনের পথ সুগম হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


















