কিশোরগঞ্জের অষ্টগ্রামে পর্যটকবাহী পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গাজীপুর জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মিজানুর রহমান (৫৬) নিহত হয়েছেন।
এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও চার আইনজীবী আহত হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের ভাতশালা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান গাজীপুরের জয়দেবপুর থানার সালনা এলাকার বাসিন্দা। তিনি গাজীপুর জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আহত আইনজীবীরা হলেন, গাজীপুর জেলা জজ আদালতের সাবেক ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. মকবুল হোসেন কাজল, অ্যাড. ইকবাল হোসেন, অ্যাড. মহসীন রেজা সরকারসহ আরও একজন।
গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি জাকিরুল ইসলাম জানান, সকালে নয়জন আইনজীবী গাজীপুর থেকে কিশোরগঞ্জের হাওর এলাকায় ভ্রমণে আসেন। বিকেলে মিঠামইন থেকে অষ্টগ্রামের দিকে যাওয়ার পথে ভাতশালা সেতু এলাকায় তাদের অটোরিকশার সঙ্গে একটি পর্যটকবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখান থেকে তাদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অ্যাড. মিজানুর রহমান মারা যান। গুরুতর আহত মকবুল হোসেন কাজল ও ইকবাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, দুর্ঘটনায় জড়িত পিকআপ ও অটোরিকশা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



















