নওগাঁর বদলগাছী থেকে চুরি হওয়ার ছয় দিন পর রংপুরের পীরগঞ্জ থেকে ইয়ামাহা (আর ওয়ান ফাইভ) মোটরসাইকেলটি উদ্ধার করেছে বদলগাছী থানা ও জেলা পুলিশ। এ ঘটনায় মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৯ আগস্ট বিকেলে বদলগাছীর শ্রীকৃষ্ণপুর এলাকা থেকে মোটরসাইকেল চুরি হয়। গতকাল ৪ সেপ্টেম্বর রাতভর বদলগাছী থানা পুলিশ ও নওগাঁ ডিবি পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেল ও দুই ব্যক্তিকে আটক করে। গ্রেপ্তার দুজন হলেন- রংপুরের মিঠাপুকুর উপজেলার শীতলগাড়ী নয়াপাড়া গ্রামের উত্তম কুমারের ছেলে শ্যাম কুমার (২২) এবং পীরগঞ্জ উপজেলার লালদিঘী আরিজপুর গ্রামের তোজাম্মেল মণ্ডলের ছেলে শহিদুল ইসলাম (৪১)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট বিকেল ৩টার সময় কাদিবাড়ী গ্রামের ফুয়াদ নামের এক যুবক বদলগাছী উপজেলার শ্রীকৃষ্ণপুর এলাকায় হামিদুলের বাড়িতে বিয়ের দাওয়াতে যান। তিনি বাড়ির বাইরে তার ইয়ামাহা (আর ওয়ান ফাইভ) মোটরসাইকেলটি রেখে অনুষ্ঠানে অংশ নেন। এরপর দাওয়াত শেষে বাইরে এসে দেখেন, মোটরসাইকেলটি নেই। পরে তিনি বিষয়টি বদলগাছী থানা পুলিশকে জানান।
ঘটনাটি জানার পর মোটরসাইকেল উদ্ধারে তৎপর হয় বদলগাছী থানা ও জেলা ডিবি পুলিশ। পুলিশ বলছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরি যাওয়া মোটরসাইকেলটির অবস্থান শনাক্ত করা হয়। এরপর রংপুরের মিঠাপুকুর ও পীরগঞ্জ এলাকায় অভিযান শুরু করা হয়। গতকাল রাতভর অভিযান চালিয়ে শ্যাম কুমার ও শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। বদলগাছী থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। চুরির ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

















