দেশের পৃথক দুটি জেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল রোববার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও নওগাঁর ধামইরহাট উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। ঠাকুরগাঁও : পীরগঞ্জ উপজেলায় বৃষ্টি থেকে বাঁচতে চায়ের দোকানে আশ্রয় নেওয়া দুই ব্যক্তি বজ্রাঘাতে মারা গেছেন। এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুষারিগাঁও বলগাঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার কুষারিগাঁও বলগাঁ এলাকার মহেন চন্দ্র ওরফে টিহাকুর স্ত্রী শাস্তি রাণী (৫০) এবং একই এলাকার মৃত বেহারু রায়ের ছেলে শুহি রাম রায় (৫০)। আহতরা হলেন টেপরা ও শালন চন্দ্র। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হলে কুষারিগাঁও বলগাঁ এলাকার একটি চায়ের দোকানে আশ্রয় নেন বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা। চা পান ও আড্ডার মাঝেই হঠাৎ ওই দোকানের ওপর বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং দুজন গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক বজ্রপাতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নওগাঁ : ধামইরহাটে জমিতে ধান রোপণ করতে গিয়ে বজ্রপাতে আবু বক্কর সিদ্দিক (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের মঙ্গোলিয়া এলাকার মাঠে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে বৃষ্টির মধ্যেই বাড়ির পাশের একটি মাঠে রোপা ধান লাগানোর কাজে যান আবু বক্কর সিদ্দিক। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ধামইরহাট থানার এএসআই রায়হান জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
5:20 am, Monday, 3 August 2026
শিরোনাম :














