অন্তর্বর্তী সরকারের মেয়াদে বাংলাদেশ ব্যাংক আইএমএফের কিছু নীতি-নির্দেশনা পুরোপুরি অনুসরণ করেনি। একই সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়নের জন্য নীতিগত স্বাধীনতা অপরিহার্য। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে তৈরি পোশাক (আরএমজি) খাতের উত্থান এবং কৃষি খাত সংহতকরণ ও দেশের অর্থনৈতিক অগ্রগতির ভিত্তি স্থাপিত হয়েছিল। পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) আলোচনাসভায় গতকাল রোববার এসব মন্তব্য করেন বক্তারা। উন্নয়ন কৌশল ও নীতিগত স্বাধীনতা : বাংলাদেশের উন্নয়ন পথপরিক্রমা শীর্ষক একটি ফায়ারসাইড আলোচনার আয়োজন করে পিআরআই। দেশের উন্নয়নযাত্রা নিয়ে আলোচনায় অংশ নেন খ্যাতনামা অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যবসায়ী প্রতিনিধি ও নীতিনির্ধারণী অংশীজনেরা। পিআরআই চেয়ারম্যান ড. জাইদী সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে প্যানেল সদস্য হিসেবে ছিলেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামরান টি রহমান, সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন ড. এ কে এম ওয়ারেসুল করিম এবং বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সহ-সভাপতি মো. রেজওয়ান সেলিম। প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, বাংলাদেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়নের জন্য নীতিগত স্বাধীনতা অপরিহার্য। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে গৃহীত বেসরকারীকরণ উদ্যোগ, তৈরি পোশাক (আরএমজি) খাতের উত্থান এবং কৃষি খাতের সংহতকরণ দেশের অর্থনৈতিক অগ্রগতির ভিত্তি স্থাপন করেছিল। তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের নীতিগত স্বায়ত্তশাসন সংকুচিত হয়ে এসেছে এবং দেশীয় অগ্রাধিকারের পরিবর্তে বহিঃস্থ চাপের প্রভাবে সংস্কার-কার্যক্রম ক্রমবর্ধমানভাবে পরিচালিত হচ্ছে। ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়ার উদাহরণ দিয়ে তিনি বলেন, দেশগুলোর অর্থনৈতিক সাফল্যের মূলে ছিল স্বাধীন ও সামঞ্জস্যপূর্ণ নীতিনির্ধারণ। অন্তর্বর্তী সরকারের মেয়াদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক আইএমএফের কিছু নীতি-নির্দেশনা পুরোপুরি অনুসরণ করেনি, যা দেশের নিজস্ব অর্থনৈতিক বাস্তবতা অনুযায়ী নীতি প্রণয়নের গুরুত্বকেই তুলে ধরে। তিনি আরও বলেন, শক্তিশালী সামাজিক পুঁজি, ক্ষমতায়িত নাগরিক সমাজ, স্বার্থান্বেষী মহলের অপসারণ এবং সকল সরকারি প্রতিষ্ঠান বিশেষত শিক্ষাপ্রতিষ্ঠান এর রাজনীতিমুক্তকরণ কার্যকর সুশাসন ও নীতিগত স্বায়ত্তশাসনের জন্য অপরিহার্য। আনিুসজ্জামান চৌধুরী আশাবাদ ব্যক্ত করে বলেন, বিশ্বব্যাপী অভিবাসন নীতি ক্রমশ কঠোর হওয়ায় বিদেশ গমন কঠিনতর হয়ে উঠছে, ফলে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী দেশের অভ্যন্তরেই সংস্কার ও অধিকতর অর্থনৈতিক সুযোগের দাবি ক্রমবর্ধমানভাবে জোরালো করে তুলবে। পিআরআই চেয়ারম্যান ড. জাইদী সাত্তার বলেন, ৫০ বছরে আমরা বড় পরিবর্তন দেখেছি। ১৯৯১ সালে তৎকালীন বিএনপি সরকার বাংলাদেশের অর্থনীতির গতিপথ পরিবর্তন করে। ১৯৯০ সালের অর্থনৈতিক সংকটে প্রবৃদ্ধি শূন্যে নেমে আসে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাত্র কয়েক সপ্তাহের আমদানি ব্যয় মেটানোর মতো পর্যায়ে নেমে যায় এবং বিনিময় হার আকাশচুম্বী হয়ে ওঠে। এরপর নতুন গণতান্ত্রিক সরকার একটি সুস্পষ্ট দিকনির্দেশনা নিয়ে ক্ষমতায় আসে। অনুষ্ঠানে বাংলাদেশের বৈদেশিক সাহায্যনির্ভরতার পরিবর্তনের চিত্র তুলে ধরা হয়। ১৯৭০-এর দশকে বৈদেশিক সাহায্য জিডিপির ৬ শতাংশ ছিল এবং দেশ এক কোটি টন খাদ্য ঘাটতি মেটাতে খাদ্য সাহায্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল। বর্তমানে বৈদেশিক সাহায্য জিডিপির ২ শতাংশের নিচে নেমে এসেছে এবং সরকারি বৈদেশিক ঋণের ৯০ শতাংশেরও বেশি রেয়াতি শর্তের যেখানে ২০২১-২২ অর্থবছরের হিসাবে গড় সুদের হার ১.৩ শতাংশ এবং পরিশোধের মেয়াদ ২৩ বছর। সিপিডির ড. ফাহমিদা খাতুন বলেন, বছরের পর বছর ধরে বাংলাদেশ তার নীতিগত অবস্থান ও দর-কষাকষির সক্ষমতা শক্তিশালী করেছে। যার ফলে নীতিগত স্বাধীনতা বৃদ্ধি পেয়েছে। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ অনিবার্য হয়ে ওঠায় নীতিনির্ধারকদের স্বল্পমেয়াদি সমন্বয়ের পরিবর্তে দীর্ঘমেয়াদি কাঠামোগত রূপান্তরের ওপর মনোযোগ দিতে হবে।
5:38 am, Tuesday, 4 August 2026
শিরোনাম :
বাংলাদেশ ব্যাংক আইএমএফের কিছু নির্দেশনা অনুসরণ করেনি
-
MIT ERP
- Update Time : 02:07:15 am, Monday, 3 August 2026
- 6
Tag :
Popular Post


























