হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের পশ্চিম ধলই এলাকার কদল মোহল চৌধুরী বাড়ি থেকে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ওয়ান শুটারগান (এলজি) ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ নিষিদ্ধ ঘোষিত ধলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.নাছির উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল জানান, নাছির উদ্দীনের বসতঘরে অবৈধ অস্ত্র মজুদের তথ্য পায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে অভিযান চালিয়ে বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় নাছির উদ্দীনের শয়নকক্ষের স্টিলের ওয়ারড্রপের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৭ দশমিক ৬৫ মিলিমিটারের চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, একই কক্ষের স্টিলের আলমারির নিচের ড্রয়ার থেকে একটি ওয়ান শুটারগান (এলজি) ও সাত রাউন্ড তাজা শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার করা কার্তুজের গায়ে শক্তিমান এক্সপ্রেস মেড ইন ইন্ডিয়া লেখা রয়েছে। জিজ্ঞাসাবাদে নাছির উদ্দীন জানান, তার বন্ধু রাউজানের মো. তৈয়ব প্রায় তিন-চার মাস আগে বিদেশে যাওয়ার সময় অস্ত্র ও গোলাবারুদগুলো তার কাছে রেখে যান। দেশে ফিরে তৈয়ব এগুলো নিয়ে যাওয়ার কথা ছিল। এ ঘটনায় নাছির উদ্দীন ও পলাতক তৈয়বের বিরুদ্ধে অস্ত্র আইনে হাটহাজারী থানায় মামলা হয়েছে।



















