জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড পাওয়া অন্য আসামিরা হলেন— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। রায়ে দণ্ডিত সাত আসামিই বর্তমানে পলাতক বলে জানা গেছে। মামলাটিতে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর গত ১৮ আগস্ট রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। এরপর সোমবার (১৪ সেপ্টেম্বর) আদালত মঙ্গলবার রায় ঘোষণার দিন নির্ধারণ করেন।



















