গণতন্ত্রের প্রকৃত শক্তি কেবল নির্বাচন অনুষ্ঠানে নয় বরং নির্বাচিত প্রতিনিধিদের জনগণের কাছে নিয়মিত জবাবদিহির আওতায় রাখার সক্ষমতায় নিহিত। একটি ভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর গণতন্ত্রের সূচনা হতে পারে কিন্তু তার স্থায়িত্ব নির্ভর করে ক্ষমতার ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রাতিষ্ঠানিক ভারসাম্য এবং জনগণের অব্যাহত তদারকির ওপর।
এই বিবেচনায় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন (Midterm Election) বিশ্বের গণতান্ত্রিক ইতিহাসে এক অনন্য ও শিক্ষণীয় ব্যবস্থা। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের মেয়াদ চার বছর। কিন্তু জনগণকে সেই চার বছর অপেক্ষা করতে হয় না। দুই বছর অতিক্রমের পর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি পরিষদের সব সদস্য এবং সিনেটের প্রায় এক-তৃতীয়াংশ সদস্যকে পুনরায় জনগণের রায়ের মুখোমুখি হতে হয়।
ফলে সরকারকে প্রতিনিয়ত জনগণের মনোভাব বিবেচনায় রাখতে হয়। এটি অনেকটা গণতন্ত্রের স্বাস্থ্য পরীক্ষার মতো—যেখানে জনগণ শাসকদের কর্মক্ষমতা, নীতি এবং আচরণের মূল্যায়ন করে। ফরাসি রাজনৈতিক চিন্তাবিদ অ্যালেক্সিস দ্য টকভিল তার বিখ্যাত গ্রন্থ Democracy in America-এ লিখেছিলেন, গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হলো জনগণের সংশোধনক্ষমতা। কোনো ভুল হলে জনগণ শান্তিপূর্ণ ও সাংবিধানিক পদ্ধতিতে তা সংশোধনের সুযোগ পায়।
মার্কিন মধ্যবর্তী নির্বাচন সেই সংশোধনক্ষমতারই একটি কার্যকর প্রতিফলন। যুক্তরাষ্ট্র বনাম অন্যান্য গণতন্ত্র: একটি তুলনামূলক পর্যালোচনা যুক্তরাজ্য, ভারত, জাপান, কানাডা কিংবা অস্ট্রেলিয়ার মতো গণতান্ত্রিক দেশগুলোতে সংসদীয় নির্বাচন নির্দিষ্ট মেয়াদ শেষে অনুষ্ঠিত হয়। মাঝপথে সরকার জনসমর্থন হারালেও জাতীয় পর্যায়ে জনগণের সরাসরি মূল্যায়নের সুযোগ সীমিত।
ভারতের উদাহরণ ধরা যাক। লোকসভার মেয়াদ পাঁচ বছর। কোনো সরকার জনপ্রিয়তা হারালেও সাধারণত জনগণকে পরবর্তী জাতীয় নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হয়। রাজ্য নির্বাচন জনমতের আংশিক প্রতিফলন ঘটালেও তা কেন্দ্রীয় সরকারের পূর্ণাঙ্গ মূল্যায়ন নয়। যুক্তরাজ্যে সংসদীয় বিতর্ক, প্রশ্নোত্তর পর্ব এবং উপনির্বাচনের মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টি করা সম্ভব হলেও মার্কিন ধাঁচের জাতীয় মধ্যবর্তী নির্বাচন নেই।
ফলে জনঅসন্তোষের একটি বড় অংশ পরবর্তী সাধারণ নির্বাচন পর্যন্ত সঞ্চিত থাকে। ফ্রান্সে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট পৃথক রাজনৈতিক শক্তির নিয়ন্ত্রণে চলে যাওয়ার ঘটনা ঘটতে পারে, যাকে cohabitation বলা হয়। কিন্তু সেটি নিয়মিত মধ্যবর্তী জনমূল্যায়নের ফল নয়; বরং নির্বাচনী সময়সূচির পার্থক্যের ফল। জাপানে ক্ষমতাসীন দল দীর্ঘদিন ধরে রাজনৈতিক আধিপত্য বজায় রেখেছে।
সেখানে মাঝে মাঝে আগাম নির্বাচন হলেও যুক্তরাষ্ট্রের মতো বাধ্যতামূলক মধ্যবর্তী মূল্যায়ন ব্যবস্থা নেই। ফলে সরকারের ওপর জনগণের ধারাবাহিক চাপ তুলনামূলকভাবে কম। এখানেই যুক্তরাষ্ট্রের ব্যবস্থা স্বাতন্ত্র্য লাভ করেছে। জনগণ কার্যত প্রতি দুই বছর অন্তর কেন্দ্রীয় সরকারের প্রতি তাদের সন্তুষ্টি বা অসন্তুষ্টি প্রকাশের সুযোগ পায়। কেন এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ?
আমেরিকার সংবিধান রচয়িতারা মানব প্রকৃতি সম্পর্কে অত্যন্ত বাস্তববাদী ছিলেন। জেমস ম্যাডিসন বলেছিলেন, “If men were angels, no government would be necessary.” অর্থাৎ মানুষ যদি ফেরেশতা হতো, তবে সরকারের প্রয়োজন হতো না। কিন্তু যেহেতু ক্ষমতা অপব্যবহারের ঝুঁকি সর্বদাই থাকে, তাই ক্ষমতাকে ক্ষমতার মাধ্যমেই নিয়ন্ত্রণ করতে হবে।
মধ্যবর্তী নির্বাচন সেই নিয়ন্ত্রণব্যবস্থারই অংশ। এটি প্রেসিডেন্টকে স্মরণ করিয়ে দেয় যে হোয়াইট হাউসে নির্বাচিত হওয়া মানেই চার বছরের জন্য অবাধ রাজনৈতিক কর্তৃত্ব নয়। ইতিহাসে বহুবার দেখা গেছে, মধ্যবর্তী নির্বাচনের ফলাফল সরকারের নীতিকে পুনর্বিবেচনায় বাধ্য করেছে। ১৯৯৪ সালে বিল ক্লিনটনের প্রশাসন, ২০১০ সালে বারাক ওবামার প্রশাসন এবং ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জনগণের এই সতর্ক সংকেত পেয়েছিল।
এসব নির্বাচন দেখিয়েছে যে গণতন্ত্রে জনগণের আস্থা কখনো স্থায়ীভাবে অর্জিত হয় না; তা প্রতিনিয়ত অর্জন করতে হয়। রাজনৈতিক মেরুকরণের যুগে একটি নিরাপত্তা বলয় বর্তমান বিশ্বে গণতন্ত্রের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো রাজনৈতিক মেরুকরণ। সামাজিক যোগাযোগমাধ্যম, বিভ্রান্তিকর তথ্য এবং দলীয় বিভাজন অনেক দেশে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে। এ অবস্থায় মধ্যবর্তী নির্বাচন একটি শান্তিপূর্ণ নিরাপত্তা বলয় হিসেবে কাজ করে।
জনগণ যদি কোনো নীতির বিরোধিতা করে, তবে তাদের অসন্তোষ রাস্তায় নয়, ব্যালট বাক্সে প্রকাশ করার সুযোগ পায়। ফলে রাজনৈতিক ব্যবস্থার প্রতি আস্থা বজায় থাকে এবং সংঘাতের ঝুঁকি কমে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বহুবার উল্লেখ করেছেন যে গণতন্ত্রের প্রকৃত শক্তি কেবল শাসক নির্বাচন নয়, বরং জনগণের মতামত প্রতিনিয়ত শোনা ও প্রতিফলিত করার মধ্যে নিহিত।
মধ্যবর্তী নির্বাচন সেই দর্শনেরই একটি বাস্তব উদাহরণ। উন্নয়ন ও সুশাসনের জন্য শিক্ষণীয় দিক বিশ্বব্যাপী সুশাসন নিয়ে আলোচনায় একটি বিষয় ক্রমেই গুরুত্ব পাচ্ছে—continuous accountability বা ধারাবাহিক জবাবদিহি। সরকারকে কেবল নির্বাচনকেন্দ্রিক নয়, বরং পুরো মেয়াদজুড়ে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে। মধ্যবর্তী নির্বাচন সেই সংস্কৃতিকে শক্তিশালী করে।
এটি ক্ষমতাসীনদের আত্মতুষ্টি কমায়, নীতিনির্ধারণে ভারসাম্য আনে, বিরোধী দলকে গঠনমূলক ভূমিকা পালনের সুযোগ দেয় এবং জনগণের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ায়। বিশ্বব্যাংক, ওইসিডি এবং বিভিন্ন গণতন্ত্রবিষয়ক গবেষণায় দেখা যায় যে শক্তিশালী জবাবদিহিমূলক প্রতিষ্ঠান সাধারণত দীর্ঘমেয়াদে উন্নত শাসনব্যবস্থা, কম দুর্নীতি এবং অধিক জনআস্থা তৈরিতে সহায়ক হয়।
উপসংহার মধ্যবর্তী নির্বাচন কেবল একটি ভোট নয়; এটি গণতন্ত্রের আত্মসমালোচনা, আত্মসংশোধন এবং আত্মশুদ্ধির একটি সাংবিধানিক প্রক্রিয়া। এটি ক্ষমতাসীনদের মনে করিয়ে দেয় যে জনগণের আস্থা কোনো স্থায়ী সম্পদ নয়; এটি প্রতিদিন অর্জন করতে হয়। একই সঙ্গে এটি জনগণকে আশ্বস্ত করে যে তাদের কণ্ঠস্বর পাঁচ বছর বা চার বছর পর নয়, প্রয়োজন হলে তারও আগেই জাতীয় রাজনীতিতে প্রতিফলিত হতে পারে।
আজকের বিশ্বে যখন গণতন্ত্রের গুণগত মান, জবাবদিহি এবং জনআস্থা নিয়ে নানা প্রশ্ন উত্থাপিত হচ্ছে, তখন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনি ব্যবস্থা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়—গণতন্ত্রের প্রাণ কেবল ক্ষমতা হস্তান্তরে নয়, বরং ক্ষমতাকে জনগণের অব্যাহত নজরদারির আওতায় রাখার মধ্যেই নিহিত। সেই কারণেই মধ্যবর্তী নির্বাচন গণতন্ত্রের এক অনন্য প্রাতিষ্ঠানিক অর্জন এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার এক মূল্যবান পাঠ।
লেখক: কাজী জিয়া উদ্দিন, কলামিস্ট ও সাবেক ডিআই জি।






















