কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় মাজার এলাকা থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে বলে দাবি করেছে এনসিপি।
জানা গেছে, লালন শাহ মাজার থেকে বের হওয়ার সময় ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তার দিকে একজন ডিম ছুড়ে মারেন বলে অভিযোগ রয়েছে। পরে তিনি প্রায় ৩০ মিনিট অবরুদ্ধ ছিলেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এনসিপির যুগ্ম সদস্যসচিব তারেক রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ করেন।
পোস্টে তিনি লেখেন, ‘ঝিনাইদহ-হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারী ভাইয়ের ওপর বিএনপির হামলা। ’ এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সঙ্গে থাকা নেতাকর্মীদের কয়েকজন ব্যক্তি ‘ধর, ধর’ বলে তাড়া করছেন বলে দেখা যায়। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটির সত্যতা ও ঘটনার বিস্তারিত স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ঘটনার বিষয়ে এনসিপি নেতা জাবের বিন নুর রূপালী বাংলাদেশকে বলেন, ‘মাজারের ভেতরে ঢুকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। প্রশাসন এবং স্থানীয় এনসিপি ও ছাত্রশক্তির নেতৃবৃন্দ এসে আমাদের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করছে। ’ এর আগে গত ২২ মে জুমার নামাজের পর ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদ (পুরোনো ডিসি কোর্ট এলাকা) প্রাঙ্গণে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছিল।
এছাড়া ২৮ জুলাই হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার, সোনালী ব্যাংক ও সার্কিট হাউস এলাকায়ও তার ওপর হামলার অভিযোগ ওঠে।






















