ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এলাকার আজমপুর বাইপাস রেলপথের খড়মপুর নামক স্থানে রেলসেতুর নিচ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) দুপুরে আখাউড়া থানা পুলিশ এবং রেলওয়ে থানা পুলিশ যৌথ প্রচেষ্টা চালিয়ে মরদেহটি উদ্ধার করে।
এ সময় মরদেহের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে কিছু টাকা, একটি পরিচয়পত্র ও একটি স্মার্টফোন পাওয়া যায়। পরিচয়পত্রে ‘হা-মীম গ্রুপ’ লেখা এবং নাম মো. মিজান উল্লেখ রয়েছে। আখাউড়া রেলওয়ে জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) মো. কাদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় অথবা ট্রেন থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তার মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেলসেতুর নিচের দুই পাশ নেট দিয়ে ঘেরা থাকায় বাইরে থেকে মরদেহটি ভেসে আসার সুযোগ নেই। ওই ব্যক্তি ট্রেন থেকে পড়ে যেতে পারেন অথবা অন্য কোনোভাবে ঘটনাটি ঘটতে পারে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।






















