ঢাকার বায়ুদূষণ, অপরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নেতৃত্বে নগরীর সব শিক্ষার্থীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
শনিবার (৩ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) এলাকায় ডিএসসিসির সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ এবং বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের ঘোষণার অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ডিএসসিসি প্রশাসক বলেন, বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় জাতিকে পথ দেখিয়েছে। রাজধানীর বায়ুদূষণ ও অপরিচ্ছন্ন পরিবেশ থেকে বেরিয়ে আসতেও এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে হবে। তিনি বলেন, শহীদ মিনার, টিএসসি ও শাহবাগের মতো জাতীয় গুরুত্বপূর্ণ স্থানগুলোর পরিচ্ছন্নতা নিশ্চিত করা শুধু সিটি কর্পোরেশনের নয়, সবার দায়িত্ব।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে ডিএসসিসির পক্ষ থেকে ২০০টি ওয়েস্ট বিন স্থাপন করা হয়েছে জানিয়ে মো. আবদুস সালাম বলেন, প্রয়োজন হলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অতিরিক্ত পরিচ্ছন্নতাকর্মীও নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালু রাখার ওপর গুরুত্ব দেন তিনি। কর্মসূচিতে বৃক্ষরোপণ, ফগার মেশিন বিতরণ ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
ডিএসসিসি ও ঢাবি ছাত্রদলের যৌথ উদ্যোগে এসব কার্যক্রমে সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে টিএসসি থেকে একটি জনসচেতনতামূলক র‍্যালি বের হয়। র‍্যালিটি কলা ভবনের অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে ডিএসসিসির স্থাপন করা ২০০টি ওয়েস্ট বিনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন। এ ছাড়া ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।
মুগদায় সচেতনতামূলক সমাবেশ ‘ক্লিনিং ডে’ উপলক্ষে রাজধানীর মুগদায়ও জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। সমাবেশ শেষে অতিথিরা ওয়াসা রোড প্রান্তের মান্ডা খাল পরিদর্শন করেন এবং বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমে অংশ নেন।
পরে হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। ৭৫ ওয়ার্ডে একযোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন ডিএসসিসির সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’-এর অংশ হিসেবে একই দিনে দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে এসব কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশ নেন।
বিভিন্ন এলাকায় মশার ওষুধ ছিটানো, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনসচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়। নগরবাসীকে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।






















