বরিশালের লোকাল বাসের টিকিট কাটাকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনির ভূরঘাটা ও গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
এ সময় কয়েকটি দোকান ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের ঘটনা ঘটে। শুক্রবার (২ অক্টোবর) রাতে ভূরঘাটা সেতু এলাকায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর বরিশাল যাওয়ার জন্য ভূরঘাটা বাস কাউন্টারে টিকিট কাটতে গিয়ে সামনের সিট চাওয়া নিয়ে এমারত ঘরামীর সঙ্গে কাউন্টার কর্মচারী সবুজ ফকিরের বাগ্‌বিতণ্ডা হয়।
পরে এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে শুক্রবার রাতে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে কালকিনি ও গৌরনদী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।






















