রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনার জেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পদত্যাগ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।
আজ বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর আগে তার কাছে প্রধানমন্ত্রীর লিখিত নির্দেশনা পৌঁছে দেওয়া হয়।
গত ২৫ সেপ্টেম্বর রাতে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ক্লিনিকটি ভেঙে দিয়ে সাইনবোর্ড টানায় সমমনা দোকানদার সমবায় সমিতি।
এ ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। উঠে আসে সমিতির সাবেক সভাপতি ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম।
এছাড়া মিষ্টির অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময়ে বিতর্ক ও অভিযোগ ছিল। তিনি ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে তার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন অভিযোগ আছে।
বিএনপি ও সরকারের বিভিন্ন সূত্র বলছে, রাড্ডার ঘটনা নিয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। গত দুই দিনে এ ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করেছেন প্রধানমন্ত্রী।























