গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দানে মাওলানা সাদ অনুসারীদের জন্য ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ সাত দফা দাবি জানানো হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুরুল ইসলাম হলে ‘ওলামা হযরত ও তাবলীগের সাধারণ মুসল্লিদের’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে মাওলানা সাদ অনুসারীরা এসব দাবি তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শফিক বিন নাঈম। সাত দফা দাবি হলো- ১. টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা সাদ অনুসারীদের জন্য আগামী বিশ্ব ইজতেমার তারিখ অনতিবিলম্বে ঘোষণা করা। ২. টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান সরকারের নিয়ন্ত্রনে এনে উভয় পক্ষের ইজতেমা ও ধর্মীয় অনুষ্ঠানের সময় তা ব্যবহারের অনুমতি দেওয়া। এ ক্ষেত্রে পক্ষদ্বয়ের মধ্যে সমতা নিশ্চিত করা।
৩. কাকরাইল মসজিদ ‘তাবলীগ জামাত বাংলাদেশে’র হিসেবে আমাদের প্রাপ্য। সুতরাং সেটি আমাদের বুঝিয়ে দেওয়া। ৪. বাংলাদেশের সব মসজিদে যাতে বাধাহীনভাবে দাওয়াত ও তাবলিগের কাজ চলতে পারে এবং কেউ কাউকে বাধা প্রদান না করে সেজন্য সরকারি আদেশ জারি করা। ৫. অপপ্রচার ও মিথ্যাচার রটনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।
৬. জুবায়েরপন্থি পাঁচজন সব অপপ্রচার, মিথ্যাচার ও দুর্ঘটনার জন্য দায়ী। এই পাঁচজনের আয়-ব্যয়ের তথ্য সংগ্রহ ও মোবাইল ট্র্যাকিং করে সমস্ত অপকর্মের মূলোৎপাটন করা। ৭. হজরত মাওলানা সাদ একজন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও দ্বীন ইসলামের প্রচারক। তিনি হজরত আবু বকর সিদ্দিক (রা.)-এর ৩৮তম বংশধর। তিনি কোরআন-সুন্নাহবিরোধী কোনো মন্তব্য করেননি।
এ বিষয়ে আমরা সমালোচকদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আছি।






















