চট্টগ্রামের হালিশহরে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় বিপুল পরিমাণ রাসায়নিক সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে পাচারে ব্যবহৃত একটি ট্রাকও।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের একটি দল নগরের হালিশহর থানাধীন দবিরখাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে মায়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে একটি ট্রাক থেকে ফিশিং বোটে সার স্থানান্তরের সময় পাচারকারীদের আটক করা হয়। এ সময় প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২২০ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়, যার মোট ওজন ১১ হাজার কেজি। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে। আটক তিন পাচারকারী, জব্দ করা সার ও ট্রাক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।



















