গাইবান্ধা জেলার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঘটা এসব দুর্ঘটনায় অন্তত আরও ৭ জন আহত হয়েছেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন– মোটরসাইকেল চালক গোলাম রব্বানী (৩৩) ও মাইক্রোবাস চালক মাসুদ রানা (৩৫)। নিহত গোলাম রব্বানী সাদুল্লাপুর ডিগ্রি কলেজের হিসাবরক্ষক ছিলেন। তিনি গাইবান্ধা সদরের সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের জিন্নাহ মিয়ার ছেলে। অন্যজন মাসুদ রানা ঠাকুরগাঁও সদর উপজেলার বাঁশঘেরা গ্রামের ফয়জার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে সাদুল্লাপুরের পশ্চিম পাড়া এলাকায় ফাতেমা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক গোলাম রব্বানী ঘটনাস্থলেই নিহত হন।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘এ ঘটনায় বাসটি আটক করে থানায় আনা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে।’
অন্যদিকে সকাল সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী উপজেলার সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় আল-হামরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা (৩৫) নামের এক মাইক্রোবাস চালক নিহত হন। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হন। তাদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান বলেন, ‘দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যানচলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’





















