সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী প্রয়াত এম. সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম. নাসের রহমানের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে।
আগামী শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বাহারমর্দনে এম. নাসের রহমানের নিজ বাড়িতে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হবে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, লায়ন্স ক্লাব অব সিলেট এমিনেন্ট, লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ ড্রিম এবং লায়ন্স চক্ষু হাসপাতাল, আগারগাঁও, ঢাকার সার্বিক সহযোগিতায় বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদের মাধ্যমে এ সেবা দেওয়া হবে।
চক্ষু শিবিরে বিভিন্ন ধরনের চোখের রোগে আক্রান্ত রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে। পাশাপাশি ছানি রোগীদের পরীক্ষা করে বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য রোগী নির্বাচন করা হবে। বাছাইকৃত রোগীদের লায়ন্স চক্ষু হাসপাতাল, আগারগাঁওয়ে নিয়ে গিয়ে বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স সংযোজনের ব্যবস্থা করা হবে। এ ছাড়া শিবিরে অংশ নেওয়া রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ ও চশমা প্রদান করা হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, চক্ষু চিকিৎসাসেবা থেকে যাতে এলাকার দরিদ্র ও অসহায় মানুষ উপকৃত হতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিবিরে অংশগ্রহণকারী প্রত্যেক রোগীকে জাতীয় পরিচয়পত্রের এক কপি ফটোকপি সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে। প্রয়াত এম. সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এর আগে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে ।



















