দীর্ঘ ৩০ বছরের সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল পুলিশি জীবন শেষে স্বেচ্ছায় অবসরে গেলেন গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইব্রাহিম। কর্মজীবনের শেষ তিন মাস তিনি কোনাবাড়ী থানায় দায়িত্ব পালন করেন। অবসর উপলক্ষে রোববার দুপুরে কোনাবাড়ী থানা প্রাঙ্গণে সহকর্মীদের পক্ষ থেকে তাকে আন্তরিক ও ব্যতিক্রমধর্মী বিদায় সংবর্ধনা দেওয়া হয়। দীর্ঘ কর্মজীবনে তার নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে সহকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। বিদায় অনুষ্ঠানে কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইফতেখার হোসেন, সেকেন্ড অফিসার এসআই মো. হেলাল মিয়া, এসআই মো. হামিদুল ইসলামসহ থানার অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের একপর্যায়ে ওসি মো. ইফতেখার হোসেন ফুল দিয়ে এএসআই ইব্রাহিমকে শুভেচ্ছা জানান। পরে ওসির সরকারি গাড়িতে তাকে বিদায় জানানো হয়। এ সময় থানার কর্মকর্তা ও সহকর্মীরা ফুল ছিটিয়ে করতালির মাধ্যমে তাকে রাজকীয় সম্মান প্রদর্শন করেন। আবেগঘন পরিবেশে সহকর্মীরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অবসর-পরবর্তী জীবনের সুখ-সমৃদ্ধি কামনা করেন। সহকর্মীরা বলেন, দীর্ঘ তিন দশকের কর্মজীবনে এএসআই ইব্রাহিম সততা, শৃঙ্খলা ও মানবিক আচরণের মাধ্যমে সহকর্মী ও সাধারণ মানুষের কাছে একজন দায়িত্বশীল পুলিশ সদস্য হিসেবে পরিচিতি অর্জন করেছেন। তার কর্মনিষ্ঠা নতুন প্রজন্মের পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। বিদায়বেলায় এএসআই ইব্রাহিম সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কর্মজীবনে সহযোগিতা ও ভালোবাসার জন্য সবার প্রতি ধন্যবাদ জানান। তিনি অবসর-পরবর্তী জীবনেও দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
শিরোনাম :
গাজীপুরে রাজকীয় বিদায় পেলেন এএসআই ইব্রাহিম
- Update Time : 07:06:03 pm, Sunday, 2 August 2026
- 33
Tag :
Popular Post
























