ফেনীর ফুলগাজীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে গেছে একটি মুরগিবোঝাই পিকআপভ্যান। এ দুর্ঘটনায় গাড়িটির চালকসহ দুজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার ভোর ৫টার দিকে উপজেলার আনন্দপুর ইউনিয়নের বন্দুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ফেনী থেকে মুরগিবোঝাই পিকআপটি ফুলগাজীর দিকে যাচ্ছিল। পথে বন্দুয়া ব্রিজসংলগ্ন চিড়া-মুড়ি ফ্যাক্টরির সামনে পৌঁছালে হঠাৎ গাড়িটির ব্রেক বিকল হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি সজোরে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায় এবং রেলিং ভেঙে নিচে পড়ে যায়। বিকট শব্দে গাড়িটি পড়ার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীদের সহায়তায় আহত চালক ও হেলপারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। খাদে পড়ে থাকা দুর্ঘটনাগ্রস্ত পিকআপটি উদ্ধারের কাজ শুরু করেছে স্থানীয়রা। এ বিষয়ে ফুলগাজী থানার ওসি মোহাম্মদ শাহিন মিয়া জানান, দুর্ঘটনা ঘটার খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব হবে।
শিরোনাম :





















